Menu

Monthly Report

Human Rights Situation Report of Bangladesh May 2025

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি-মে ২০২৫

‘এইচআরএসএস’ এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন ।

২০২৫ সালের মে মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় যে, এই মাসে গণপিটুনিতে নির্যাতন ও হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, রাজনৈতিক দমন-পীড়নের ঘটনা এবং বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।  রাজনৈতিক সহিংসতায় মৃত্যু, নারী নিপীড়ণ ও ধর্ষণ, শিশু নির্যাতন, শ্রমিক নির্যাতন, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, কারা হেফাজতে মৃত্যু, ও আদালতে আসামীর উপর হামলার মত ঘটনা অব্যহত রয়েছে। এছাড়াও, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, নিরীহ বাংলাদেশি হত্যা এবং বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে সহস্রাধিক মানুষকে পুশইনের ঘটনা মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের মে মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে নিন্মোক্ত তথ্য উঠে এসেছে:

Ø  মে মাসে কমপক্ষে ৬০ টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩৮১ জন। আধিপত্য বিস্তার, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। মে মাসে রাজনৈতিক সহিংসতার সংখ্যা এপ্রিল মাসের তুলনায় কিছুটা কমেছে। গত এপ্রিল মাসে ৭৮ টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছিলেন ১১ জন এবং আহত হয়েছিলেন ৭৩১ জন। মে মাসে সহিংসতার ৬০ টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ২৮টি ঘটনায় আহত হয়েছেন ২৫৯ জন ও নিহত ৫ জন, ১২টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২১ জন ও নিহত ২ জন, ৬টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন, ১টি আওয়ামী লীগ-জামায়াতের মধ্যে সংঘর্ষে জামায়াতের ১ কর্মী নিহত, এনসিপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ৪টি ঘটনায় আহত হয়েছেন ৪ জন, এনসিপি-জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের ২টি ঘটনায় আহত হয়েছেন ১২ জন, আওয়ামী লীগের অন্তর্কোন্দলে ২টি ঘটনায় আহত হয়েছেন ১১ জন,  এবং ২টি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে। নিহত ৯ জনের মধ্যে  বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ৩ জন, ও জামায়াতের ১ জন। ৬০ টি সহিংসতার ঘটনার ৪৯ টিই ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে ও বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে বিএনপির সাথে জামায়াতের ও ছাত্রদলের সাথে শিবিরের উত্তেজনা ও সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে এবং বিএনপির সাথে আওয়ামী লীগ ও এনসিপির সংঘর্ষ কমেছে । এই মাসে এনসিপির সাথে জাতীয় পার্টির উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং জামায়াত নেতা এ টি এম আজহারের রায় ঘোষণার পর বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের সাথে শাহবাগ বিরোধী ঐক্যের উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার অন্তত ১০টি ঘটনা ঘটেছে । এসকল হামলায় আওয়ামীলীগের ১ জন, বিএনপির ৪ জনসহ অন্তত ৬ জন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও এ মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক বাড়ি-ঘর, যানবাহন, ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেইসাথে বিএনপির নিজেদের কর্মীদের দ্বারা অন্তত ৩ টি, জামায়াতের ১টি ও জাতীয় পাটির ১ টি রাজনৈতিক কার্যালয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১২ মে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

 

 

 

 

Ø  এটি উদ্বেগজনক যে, এই মাসে সাংবাদিকদের উপর হামলা বৃদ্ধি পেয়েছে। এ মাসে অন্তত ৩১ টি ঘটনায় কমপক্ষে ৯১ জন সাংবাদিক নির্যাতন, গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৩৩ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৭ জন ও গ্রেফতার হয়েছেন ৩ জন। এছাড়াও ৭ টি মামলায় ৪৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া এ মাসে সাইবার নিরাপত্তা আইন এর অধীনে দায়ের করা ১ টি মামলায় গ্রেফতার হয়েছেন ১ জন ।

 

Ø  এ মাসে গণপিটুনীর অন্তত ২৬ টি ঘটনায় নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন । বিভিন্ন আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের সমর্থক ও ছাত্র-জনতা আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের নেতাকর্মীদের গনপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করার বেশ কিছু ঘটনা ঘটেছে। ৪ মে রবিবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। ১৩ মে মঙ্গলবার নবীগঞ্জে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা (৪৫)কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত ১৬ মে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় ছিনতাইকারী সন্দেহে রাকিব হোসেন (২১) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

Ø  মে মাসে ভারত- বাংলাদেশ সীমান্তে ১০ টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ২ জন বাংলাদেশী নিহত ও ৫ আহত হয়েছেন, এবং গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। এছাড়া দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে কমপক্ষে ১১৪৭  জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে  আরাকান আর্মির গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে  গুলিবিদ্ধ হয়ে ২ জন আহত হয়েছেন। এ ছাড়া বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মনছুর আলম (৩০)নামে এক যুবক আহত হয়েছেন।

 

Ø  এ মাসে সারাদেশে কারাগারে কমপক্ষে ৫ জন আসামী মারা গিয়েছেন । ৫ জনের মধ্যে ২ জন কয়েদী ও ৩ জন হাজতি । এ ছাড়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে । এটি উদ্বেগজনক যে, নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি এস এম তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর সন্দেহের বশে যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডগরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় ভাঙচুর, লুটপাট চালিয়ে মতুয়া সম্প্রদায়ের ১৩টি পরিবারের ১৮টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে গেছে ।

Ø  মে মাসে ১৬ টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৪৪ জন। অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৭ জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন। এছাড়া ১জন গৃহকর্মী মালিকের নির্যাতনে নিহত হয়েছেন।

 

Ø   মে মাসে কমপক্ষে ১৩৬ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৫৫ জন, যাদের মধ্যে ২৫ জন ১৮ বছরের কম বয়সী শিশু। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, ১৪ জন নারী ও কন্যা শিশু গণধর্ষনের শিকার হয়েছেন এবং ধর্ষনের পর হত্যা করা হয়েছে ৩ জনকে। ৩৩ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন তন্মধ্যে শিশু ২২ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন ২জন নারী । পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৯ জন, আহত হয়েছেন ৮ জন এবং আত্মহত্যা করেছেন ৫ জন নারী।  অন্যদিকে, এটি উদ্বেগজনক যে, ৮৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ১৯ জন প্রান হারিয়েছেন এবং ৬৬ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

Ø  এ মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে কমপক্ষে ২২ টি মামলা হয়েছে। এ সকল মামলায় ২০১২ জনের নাম উল্লেখ করে এবং ৩৫৯৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ মাসে রাজনৈতিক মামলায় কমপক্ষে ২৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যেখানে আওয়ামীলীগের নেতাকর্মী অন্তত ২৩৪ জন। এছাড়া এ মাসে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১১ হাজার ৬৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ।

 

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, ও নাগরিকদের সাথে আলোচনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি উন্নয়ন করা জরুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। আর এ সকল বিষয় বাস্তবায়ন করতে না পারলে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি  অবনতির দিকে যাবে। তাই “এইচআরএসএস”র পক্ষ থেকে সরকারকে মানবাধিকার রক্ষায় ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং দেশের সকল সচেতন নাগরিক, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দেশি- বিদেশি মানবাধিকার সংগঠনগুলোকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।                                                                                                                                                                                                                                                                   

Reports Files

No Data Found!