News Details
Press Statement_Attact on Inqilab Mancho & Journalists
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
প্রাপ্ত তথ্যমতে, গতকাল শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের একটি শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস আম্মার, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা, শান্তা আক্তার ও ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হন এবং ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকরাও হামলার শিকার হন। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হওয়ার পাশাপাশি তাদের পেশাগত দায়িত্ব পালনে মারাত্মক বাধা সৃষ্টি করা হয়। এছাড়া, হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা আন্দোলনকারীদের মোবাইল ফোন তল্লাশি ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির ঘটনায় জনমনে সংশয় ও আতঙ্ক তৈরি হয়।
এইচআরএসএস মনে করে, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের এমন আচরণ বাংলাদেশের সংবিধানে স্বীকৃত মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার চরম লঙ্ঘন। বিশেষ করে সাংবাদিকদের উপর হামলা রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। পুলিশের দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ করা নয়। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করে যে, ভিন্নমত ও প্রতিবাদ দমনে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য।
এইচআরএসএস অবিলম্বে দাবি জানাচ্ছে—
· হামলার নির্দেশদানকারী ও এতে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে;
· আহত নেতাকর্মী ও সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে;
· ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচি ও সাংবাদিকতার কাজে পুলিশের এমন সহিংস আচরণ বন্ধে কার্যকর নির্দেশনা জারি করতে হবে।
এইচআরএসএস স্পষ্টভাবে জানাচ্ছে, দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর জনআস্থা আরও ক্ষুণ্ন হবে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটবে। রাষ্ট্রের প্রতি আহ্বান—আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার বাস্তবে প্রমাণ করতে হবে।
ধন্যবাদসহ
ইজাজুল ইসলাম
নির্বাহী পরিচালক
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)
