Menu

News Details

Image

Press Statement Show Cause Notice of four journalist

বিবৃতি

এখন টিভির চার সাংবাদিককে শোকজ ও কর্মবিরতিতে বাধ্য করার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এখন টিভির চার সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগতভাবে মতামত প্রকাশের জেরে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং সাত দিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করার ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্কার ও গণভোটের পক্ষে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মতামত দেওয়ায় তাঁদের বিরুদ্ধে শোকজ জারি করা হয়েছে এবং সাময়িকভাবে কর্মবিরতিতে পাঠানো হয়েছে। এমনকি কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার উদ্যোগ নেওয়ার অভিযোগও উঠেছে, যা গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক।

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩৯(১) অনুযায়ী চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। একজন সাংবাদিক তাঁর পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও নীতিনিষ্ঠা বজায় রাখবেন—এটি যেমন অপরিহার্য, তেমনি পেশাগত দায়িত্বের বাইরে একজন নাগরিক হিসেবে তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকারও সাংবিধানিকভাবে সুরক্ষিত। মতপ্রকাশের স্বাধীনতা সীমিত বা নিয়ন্ত্রিত করার যেকোনো প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বাংলাদেশ অতীতে মতপ্রকাশের স্বাধীনতা হরণ, সাংবাদিকদের ওপর হয়রানি, হামলা ও মামলার নানা ঘটনার সাক্ষী। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের আরও অধিকতর সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা প্রয়োজন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার যে দৃঢ় প্রত্যাশা জাতির সামনে উন্মোচিত হয়েছে, তা আমাদের সকলের সম্মিলিত দায়বদ্ধতার বিষয়। একটি নির্বাচিত সরকার ও গণমাধ্যম প্রতিষ্ঠানের দায়িত্ব নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা এবং স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে, চার সাংবাদিকের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করে তাঁদের অবিলম্বে কর্মস্থলে স্বাভাবিক দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে। এইচআরএসএস দৃঢ়ভাবে বিশ্বাস করে, মতপ্রকাশের স্বাধীনতা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ রক্ষার মাধ্যমেই একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

ধন্যবাদসহ

ইজাজুল ইসলাম

নির্বাহী পরিচালক

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)