Menu

News Details

Image

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস:

মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি

 

‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তবে বিষয়টি শুধুমাত্র দিবস পালনে সীমাবদ্ধ না রেখে মুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণের পাশপাশি জাতীয় ও স্থানীয়সহ সকল পর্যায়ের সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

রবিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

উদ্বেগের বিষয় এই যে, দেশের মুলধারার ১৬ টি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এইচআরএসএস’র সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত সারাদেশে অন্তত ৫২৩ টি ঘটনায় ১০৩৪ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছেন।

নির্যাতিত ১০৩৪ জনের মধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারের সময় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ৪৩৪ টি ঘটনায় ৮৬২ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছেন। এর মধ্যে ৬ জন সাংবাদিককে হত্যা, আহত ৪০২, লাঞ্ছিত ৯৪ ও নানাভাবে ১০৫ জন সাংবাদিক হুমকীর শিকার হয়েছেন। এছাড়া ৪৯ টি মামলায় ২২২ জনকে অভিযুক্ত ও ৩৩ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় থেকে বর্তমান সরকারের অধীনে ৮৯ টি ঘটনায় ১৭২ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছেন। এর মধ্যে আহত ১০২, লাঞ্ছিত ২৩ ও নানাভাবে ২৭ জন সাংবাদিক হুমকীর শিকার হয়েছেন। এছাড়া ৬ টি মামলায় ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে, এসব ঘটনায় অন্তত ৫ জনকে আটক করা হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশে বর্তমান অবস্থান ১৫২তম। যা বাংলাদেশের মুক্ত গনমাধ্যম বা মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠা ও চর্চায় গভীরভাবে উদ্বেগের বিষয়।

এইচআরএসএস মনে করে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার, আর্থিক নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশপাশি আইনি কাঠামো ও প্রভাবশালী প্রতিষ্ঠানসমূহের অযৌক্তিক প্রভাব মুক্ত করতে হবে। এছাড়া ডিজিটাল যুগে ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাধীন গণমাধ্যমকে আরও সতর্ক অবস্থান ও অপরিহার্য ভূমিকা রাখতে হবে।

এছাড়া, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এবং বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদশের অবস্থানের উন্নতিতে সরকারকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, আর্থিক নিরাপত্তায় সুনির্দিষ্ট কাঠামো বা পে স্কেল প্রদান ও সাংবাদিকদের সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাচ্ছে এইচআরএসএস।